জানুয়ারিতেও ডি গিয়াকে নিচ্ছে না মাদ্রিদ

জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে নেবার কোন আগ্রহ রিয়াল মাদ্রিদের নেই বলেই নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।


এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারের শেষ দিন পর্যন্ত স্প্যানিশ এই গোলরক্ষককে দলে নিতে চেষ্টা চালিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এজন্য তারা রেড ডেভিলসদের ২৯ মিলিয়ন পাউন্ড দিতেও রাজী ছিল। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য তা সম্ভব হয়নি। লা লিগার দেয়া ডেডলাইনের আগে প্রয়োজনীয় তথ্যাদি দিতে ব্যর্থ হওয়ায় এযাত্রা ডি গিয়ার রিয়ালে যাওয়া হয়নি। কিন্তু এজন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে।

 

ইউনাইটেডের সাথে ডি গিয়ার চলতি চুক্তি শেষ হতে বছরখানেক সময় বাকি রয়েছে। সে কারনেই ধারণা করা হচ্ছে জানুয়ারিতে ম্যানচেস্টার তাকে ছেড়ে দিয়ে কিছু অর্থ আয় করার শেষ চেষ্টা চালাবে। যদিও পেরেজর স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য তারা নতুন করে আর কোন প্রস্তাব দিবে না। আর ডেডলাইন নাটকের জন্য তিনি আরেকবার ইউনাইটেডকে দায়ী করেছেন।


এখন পর্যন্ত ইউনাইটেডের হয়ে মৌসুমের একটি ম্যাচেও মাঠে নামেননি ডি গিয়া। দলের ম্যানেজার লুইস ফন গাল বলেছেন খেলার জন্য এখনো মানসিক ভাবে সে পুরোপুরি প্রস্তুত নয়। যদিও ইউরো বাছাইপর্বে স্পেনকে প্রতিনিধিত্ব করার পরে বুধবার অনুশীলনে ফিরেছেন ডি গিয়া। আশা করা হচ্ছে শনিবার লিভারপুলের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠে নামবেন। গোল ডটকম