গাইবান্ধায় দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাওয়াখানায় সড়কের পাশে দুই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
 
তাদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লার দাউদকান্দির তোলাতুলি গ্রামের পরম আলী ভুইয়ার ছেলে শাহ জালাল ভুইয়া (৪৫)। গরু কেনা-বেচার কয়েকটি চালান রশিদ থেকে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম। 
 
গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, স্থানীয় ও পথচারীরা ওই এলাকায় রাস্তার পাশে বৃহস্পতিবার সকালে হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় অজ্ঞাত দুই জনের লাশ পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, মৃত দেহের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন আছে। তাদের পকেটে গরু ক্রয়-বিক্রয়ের কয়েকটি চালানা পাওয়া গেছে। ধারাণা করা হচ্ছে, বড়বাড়ি হাট থেকে গরু কিনে ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন তারা। দুর্বৃত্তরা তাদের কাছ থেকে গরু ও টাকা ছিনতাইয়ের পর শ্বাসরোধে হত্যা করেছে।