চীন ও নরওয়ের নাগরিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কিন্তু তার পরিমাণ জানায়নি। ইরেজিতে প্রকাশিত সংগঠনটির সাময়িকী ‘দাবিক’ এর সর্বশেষ সংখ্যায় বুধবার এ তথ্য জানানো হয়েছে। সাময়িকী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা হয়েছে।
সাময়িকীতে বিজ্ঞাপন হিসেবে এক চীনা ও এক নরওয়ের নাগরিকের ছবি প্রকাশ করা হয়েছে। এতে দুই জনেরেই ছবি প্রকাশ করা হয় ও ‘বিক্রির জন্য’ লেখা ছিল। ছবির উপরে লেখা ছিল, ‘ক্রসেডার, পৌত্তলিক ও তাদের মিত্রদের এবং তথাকথিত মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণের জন্য: এই বন্দীকে তার সরকার পরিত্যাগ করেছে, তার স্বাধীনতা কেনার জন্য যেখানে সর্বোচ্চটুকু করা হয়নি।’
ছবির নিচে লেখা ছিল, ‘তার মুক্তির জন্য যিনি অর্থ দিতে রাজী আছেন নিচের নম্বরে টেলিগ্রাম করতে পারেন। এই সুযোগ সীমিত সময়ের জন্য।’
তবে মুক্তিপণ হিসেবে কত টাকা দিতে হবে কিংবা টাকা দেয়ার শেষ সময় কখন তার কিছুই জানানো হয়নি।
জিম্মিদের মধ্যে একজন হচ্ছেন চীনের নাগরিক ফ্যান জিংঘুই। তার বয়স ৫০। তিনি পরামর্শক হিসেবে কাজ করতেন। অপরজনের নাম ওলে জন গ্রিমগার্ড (৪৮) । তিনি নরওয়ের ট্রনঢিম বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। গত জানুয়ারিতে তিনি সিরিয়া গিয়েছিলেন। এর কিছুদিন পরই তিনি অপহরণের শিকার হন।
নরওয়ে সরকার সাফ জানিয়েছে, তারা গ্রিমগার্ডের মুক্তির জন্য কোন অর্থ দিবে না। প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ গ্রিমগার্ডের অপহরণের কথা স্বীকার করে বলেছেন, ‘নরওয়ে কোনো মুক্তিপণ দেয়া না।’
তবে চীনা নাগরিকের ব্যাপারে এখনও দেশটির সরকারি কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।