বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিভিন্ন স্থানে এই কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুল বাড্ডার আফতাফনগরের সামনে প্রগতি সরণী অবরোধ করে।
IMG0
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলশান ১ নম্বর সার্কেল থেকে মহাখালীগামী রাস্তা অবরোধ করেন। এতে ঐসব এলাকায় যানজট হয়। ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর শান্তিনগরেও সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়েছেন। তবে এখনো অবরোধের খবর পাওয়া যায়নি।
IMG1
চট্টগ্রাম অফিস জানিয়েছে, বেলা ১১টার দিকে নগরেরর বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয়। পরে তারা নগরের জিইসি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন।
সিলেট অফিস জানিয়েছে, ভ্যাট প্রত্যাহারের দাবিতে ও পুলিশের হামলার প্রতিবাদে নগরীর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
এর আগে বুধবার রামপুরার আফতাবনগর আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশে তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে।
সরকার চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করে। জাতীয় রাজস্ব বোর্ড গত ৪ জুলাই এ বিষয়ে আদেশ জারি করে। এরপর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।