রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নিতে অনেক দিন ধরেই চেষ্টা করছে কাতারি পেট্রোডলারে বলীয়ান ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন রোনালদোকে দলে নিতে হলে পিএসজিকে এক বিলিয়ন ইউরো খরচ করতে হবে!
রোনালদো ৮০ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন। ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার ছয় বছরেই হয়ে গেছেন ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোরার। এমন একজন খেলোয়াড়কে কেই বা ছাড়তে চাইবে?
রিয়াল সভাপতি বলেছেন রোনালদোকে পিএসজি কিনতে চাইলে তাদের দলবদলের বাজারের বর্তমান রেকর্ডের দশগুণ খরচ করতে হবে। গ্যারেথ বেলকে ১০০ মিলিয়ন ইউরোতে টটেনহ্যাম থেকে রিয়ালে আসাটাই এখন দলবদলের বাজারের বিশ্বরেকর্ড । পেরেজ বলেন, পিএসজি রোনালদোকে কিনতে চাইলে তাদের বেশি কিছু না, শুধু তার বাই আউট ক্লজের এক বিলিয়ন ইউরো (এক হাজার মিলিয়ন) খরচ করতে হবে। বলা বাহুল্য, এত অর্থ খরচ করে কখনো রোনালদোকে কিনতে সক্ষম হবে না কোনো ক্লাব।
রোনালদোকে বিক্রি করার কোনো ইচ্ছাই রিয়ালের নেই এই কথা উল্লেখ করে তিনি বলেন, ফুটবলে কেউ ভবিষ্যৎ বক্তা নয়, কিন্তু আমরা তাকে ২০১৬ সালে বিক্রি করতে চাই না। তার চুক্তিতে আরো তিন বছর বাকি আছে। গোল ডটকম