মেহেরপুরে ভারতীয় শাড়ি জব্দ

মেহেরপুরের আমঝুপি গ্রামের সড়ক থেকে ট্রাকভর্তি ২৫ লাখের বেশি টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মেহেরপুর শহর থেকে ট্রাকটি তাড়া করলে আমঝুপিতে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও চোরাচালানিরা। 
 
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, মুজিবনগর সীমান্ত এলাকা থেকে ভোরে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৬-৮৮৯০) ভারতীয় শাড়ি ভর্তি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি  মেহেরপুর শহর পার হওয়ায় সময় সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) আনছার আলীর সন্দেহ হয়। এ সময় তিনি মোটর সাইকেলযোগে ট্রাকটি ধাওয়া করলে ট্রাক চালক দ্রুত পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি গ্রামের একটি গলির সড়কে ট্রাকটি ফেলে চালক, হেলপার ও কয়েকজন  চোরাচালানি পালিয়ে যায়। পরে সেখান থেকে ট্রাকটি আটক করে পুলিশ। ট্রাক ও ট্রাকে থাকা ভারতীয় শাড়িগুলো জব্দ করে সদর থানায় নেয়া হয়। এ ব্যাপারে পলাতকদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।