ভারতের জম্মু ও কাশ্মীরের গো হত্যা ও এর মাংস বিক্রি করা নিষিদ্ধ করেছে রাজ্যের হাইকোর্ট।
জৈনদের উৎসবের কেন্দ্র করে রাজস্থানে মাংস বিক্রি নিষিদ্ধ ও একই কারণে মুম্বাইয়ে মাংস বিক্রি নিষিদ্ধ বিতর্কের দুই দিনের মধ্যে জম্মু ও কাশ্মীরের হাই কোর্টের এই রায় আসলো।
ধীরাজ সিং ঠাকুর ও জনক রাজ কোতওয়ালকে নিয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ, অ্যাডভোকেট পরিমোক্ষ শেঠের জন স্বার্থে দায়ের করা আবেদনের বিপরীতে এই রায় দিলেন।
হাইকোর্টের রায়ে বলা হয়, যে জম্মু ও কাশ্মীর রাজ্যের বিভিন্ন অংশে নির্বিচারে গবাদি পশু হত্যা করা হচ্ছে যা সমাজের একটি বিশেষ গোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর রাজ্যের ফৌজদারি দন্ডবিধি, রণবীর পেনাল কোডের ২৯৮ এ ও ২৯৮ বি অনুসারে গবাদি পশু হত্যা করা ও এর মাংস বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ।
জম্মু ও কাশ্মীরের হাইকোর্ট রাজ্য পুলিশকে কঠোর ভাবে নিষেধাজ্ঞা বলবৎ করার নির্দেশ দিয়েছে।
বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটি রাজ্যে গবাদি পশু হত্যা বন্ধে আইন করা হয়েছে। মহারাষ্ট্র সরকার ‘পশু রক্ষা আইন’ সংশোধন করে গত মার্চে গবাদি পশু হত্যা, বিক্রি ও রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা এই আইন অনুসারে গবাদি পশু হত্যা, বিক্রি অথবা রপ্তানি করা অথবা গরুর মাংস সংরক্ষণ ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। হিন্দুস্তান টাইমস