দোহারে বৃদ্ধার লাশ উদ্ধার

ঢাকার দোহারের শিমুলিয়া গ্রামে কামরুন্নাহার বতুল (৫৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পরিত্যাক্ত বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মেঘুলা বাজারে ওষুধ কিনতে যায় কামরুন্নাহার। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সারা রাত অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি তার স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে পরিত্যাক্ত বাগানে তার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে সুরাতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।