দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে ভারতের ওয়ানডে দলের নেতৃত্বেও দেখা যেতে পারে বিরাট কোহলিকে। উল্লেখিত সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে ১৫ সেপ্টেম্বর। কিন্তু টেস্টের ন্যায় ওয়ানডেতেও কোহলিকেই এ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। যেহেতু আগামী বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে তাই কেবলমাত্র এ ফরম্যাটে নেতৃত্ব অব্যাহত রাখতে পারেন মহেন্দ্র সিং ধোনি।
যদিও এ বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য টি-২০ এবং ওয়ানডে দল নির্বাচন করতে আগামী ১৫ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসবে নির্বাচকরা। ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর গত আট মাস যাবত ভিন্ন ফর্ম্যাটে দুই অধিনায়কের পক্ষে মত দিয়ে আসছেন নির্বাচকরা। কোহলির নেতৃত্বে সম্প্রতি শ্রীলংকা সফরে টেস্ট সিরিজ জয় করে ভারতীয় দল এবং চার বছরের মধ্যে বিদেশের মাটিতে এটাই ছিল টিম ইন্ডিয়ার দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়। তাই সকল ফরম্যাটেই দিল্লি ব্যাটসম্যান অধিনায়ক হিসেবে দেখতে চান অনেকেই।
সম্পূর্ণ ভিন্ন ধর্মী ব্যক্তিত্ব এবং অধিনায়কত্বের ধরনে ভবিষ্যতে দলে প্রভাব ফেলতে পারে বলে এমনকি নির্বাচকরাও ভাবছেন বলে জানা গেছে। যদিও টেস্ট ও ওয়ানডে বিশেষজ্ঞ কোহলি, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর অশ্বিন এবং উমেষ যাদব সব ফর্মেটেই দলের মূল খেলোয়াড়।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র স্থানীয় এক্সপ্রেস পত্রিকাকে জানায়, এমনকি আগের বৈঠকেও সব ফর্মেটে কোহলিকে অধিনায়ক করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়টিও মনে রাখতে হবে যে, এ যাবতকালে ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক ধোনি। কোহলি কেবলমাত্র অধিনায়কত্ব শুরু করেছেন। আগামী বছর মূলত নিজ মাঠেই বেশি খেলবে ভারত। তাই বিদেশের চেয়ে দেশের মাটিতে অধিনায়কত্ব গ্রহণ করাটা কোহলির জন্য বাড়তি একটা সুযোগ হবে। সে ক্ষেত্রে ধোনি হয়তোবা কেবলমাত্র টি-২০ দলের অধিনায়ক থাকবে। নির্বাচকরা হয়তোবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজেই কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব দিতে পারে।
গত জুনে ঢাকাতে পরাজিত হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ধোনি যেহেতু কোন ম্যাচ খেলেনি তাই বাংলাদেশ এ দলের বিরুদ্ধে আসন্ন সিরিজেই অনেক কিছু পরিষ্কার হতে পারে বলেও জানা গেছে। বাসস