তালায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শামছুর রহমান শেখ (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শামছুর রহমান উপজেলার মাগুরা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মাদার শেখের পুত্র।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রঘুনাথপুর গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী মোমেনা বেগম ও ছেলে সালাম শেখ জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে শামছুর রহমান স্থানীয় মাগুরা বাজার থেকে বাজার করে বাড়ি আসেন। তিনি বারান্দায় ওঠার সময় একই এলাকার আফাজ উদ্দীন শেখ, তার দুই পুত্র হায়দার আলী ও হাবিবুর রহমান শেখ এবং মোস্তফা শেখের ছেলে নাদীমসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। তারা কোদাল দিয়ে শামছুর রহমানের কোমরসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনরা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা আরও জানান, শামছুর রহমান প্রায় ২০ বছর ধরে মাগুরার মৌজার কাশিদা বিলের প্রায় ৫০ শতাংশ জমি সরকারের কাছ থেকে একসনা বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে আসছেন। বছর খানেক আগে একই এলাকার আফাজ উদ্দীন শেখের ছেলে হায়দার শেখ ঐ সম্পত্তি দখল নিতে নানা তালবাহানা ও গোলযোগ করে আসছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে তারা এ ঘটনা ঘটায়।

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ও ওসি (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক রঘুনাথপুরের মৃত মুনছুর আলী শেখের ছেলে আফাজ উদ্দীন (৭০), তার ছেলে হাবিবুর রহমান হবি ও মোস্তফা শেখের ছেলে নাদিমকে (২০) আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ যশোর থেকে কলকাতা, বন্ধন এক্সপ্রেসের যাত্রা শুরু

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/নূহু