মিল্লাতের খালাস আপিল বিভাগে বাতিল

 
অবৈধ সম্পদের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে খালাসের হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। একইসঙ্গে নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেয়া হয়েছে।
 
আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেয়।
 
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির, দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং মিল্লাতের পক্ষে ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল শুনানি করেন।
 
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৩ জুন রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে গুলশান থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ৫ কোটি এক লাখ ৫৭ হাজার টাকার অসঙ্গতিপূর্ণ আয় এবং দাখিল করা বিবরণীতে চার কোটি ৮২ লাখ পাঁচ হাজার ৬৮৫ টাকার সস্পত্তির হিসাব গোপনের অভিযোগ আনা হয়।
 

বিচারিক আদালত ২০০৮ সালের ২৯ জানুয়ারি এ মামলার রায়ে মিল্লাতকে দুটি ধারায় এক বছর ও সাত বছরের কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১০ সালের ১৭ আগস্ট হাইকোর্ট তাকে খালাস দেয়। দুদক এর বিরুদ্ধে আপিল করে। আপিলে হাইকোর্টের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়া হলো।