নীলফামারীর ছয়টি উপজেলায় নিবন্ধনবিহীন মোটর সাইকেল আটক করে ১ কোটি ৪৪ লাখ ৪ হাজার ১৪৪ টাকার রাজস্ব আদায় হয়েছে। লাইসেন্সবিহীন মোটর সাইকেল আটক অভিযানে পুলিশ পুরো জেলায় মোট ৯৮২টি মোটর সাইকেল আটক করে। এর মধ্যে ৮১৫টি মোটর সাইকেলের অনুকুলে ফি বাবদ ওই রাজস্ব জমা হয়েছে এবং বাকি ১৬৫ খানা মোটর সাইকেল থানায় আটক রয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, নীলফামারীর ৬টি উপজেলায় ১৫ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ নিবন্ধনবিহীন মোটর সাইকেল আটক অভিযান পরিচালনা করে। অভিযানে ৬টি উপজেলা থেকে মোট ৯৮২টি মোটর সাইকেল আটক করা হয়। এরমধ্যে সৈয়দপুরে আটক ৪২২টির মধ্যে ৩৫২টি মোটর সাইকেল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফি আদায় হয়েছে ৫৮ লাখ ৩৯ হাজার ৯৫৫ টাকা।
নীলফামারীতে ১৯২টির মধ্যে আটক ১৭২টি মোটর সাইকেল থেকে ৩১ লাখ ২২ হাজার ৯৪০ টাকা, কিশোরগঞ্জে আটক ৫৬টি মোটর সাইকেলের মধ্যে ৩৭টি থেকে ৬ লাখ ৬৮ হাজার ৬১৮ টাকা, জলঢাকায় আটক ১২৭টি আটক মোটর সাইকেলে মধ্য থেকে ১০৪টি থেকে ১৯ লাখ ৮২ হাজার ৪৮ টাকা, ডোমারে ৯৪টি আটক মোটর সাইকেলের মধ্যে ৭৫টি থেকে ফি জমা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৮০৫ টাকা, ডিমলায় ১১২টি আটক মোটর সাইকেলের মধ্যে ৭৬টি থেকে ১৪ লাখ ৯ হাজার ৮৮৮ টাকা ফি জমা হয়েছে রাজস্ব বিভাগে।
এ ব্যাপারে নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, জেলার ৬টি উপজেলায় পরিচালিত অভিযানে প্রায় ৬০ ভাগ মোটর সাইকেলের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এরপর অবশিষ্ট আছে ৪০ ভাগ মোটর সাইকেল। এসব মোটর সাইকেল আটকে আবারও অভিযান চলবে বলে জানান তিনি।