ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ ছাত্রী নিহত

ঝিনাইদহ সদর উপজেলার কোদালে গ্রামে ট্রাক চাপায় জাহানে তুশি ( ২২ ) নামে এক কলেজ ছাত্রী নিহত ও আরো দু’জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  
 
নিহত তুশি শৈলকুপা উপজেলার কুমড়েদা গ্রামের মতিউল ইসলামের মেয়ে। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের বিবিএ সম্মান শেষ বর্ষের ছাত্রী। 
 
ঝিনাইদদহ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, একটি মোটর সাইকেল যোগে ভাই-ভাবিসহ তারা ৩ জন ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। 
কোদালে গ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে তুশি মারা যান। তার ভাই ভাবি আহত হন। 
 
তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় আবাইপুরে স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে।