লক্ষ্মীপুরের রামগতির জনতা বাজার কমিউনিটি ক্লিনিকে অনৈতিক কাজ করার অভিযোগে আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জনতা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করেছে। তিনি ছাত্রলীগের নেতা বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৯টার দিকে আক্তার হোসেন ওই ক্লিনিকে অজ্ঞাত এক তরুণীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হন। এ সময় কয়েকজন রোগী চিকিৎসা নিতে গেলে ক্লিনিকের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করলে আক্তার হোসেন দরজা খুলে ‘ডাক্তার আসেননি’ বলে রোগীদের পরে আসতে বলেন। রোগীদের কাছে ঘটনাটি শুনে ক্লিনিকের পাশের কয়েকজন দোকানদার এগিয়ে গেলে আক্তার হোসেন ওই তরুণীকে নিয়ে মোটরসাইকেল করে দ্রুত চলে যান। পরে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঘটনার বিচারের দাবিতে ক্লিনিকটিতে তালা লাগিয়ে দেন। অভিযুক্ত আক্তারের বড়ভাই আকবর হোসেন, সাহাব উদ্দিন ও সেলিম বেলা দেড়টার দিকে ওই তালা ভেঙে ফেলেন বলে জানান জনতা বাজারের ব্যবসায়ীরা।
ক্লিনিকের সার্ভিস প্রোভাইডার মণি রানী দাস জানান, ঘটনার দিন তিনি সিভিল সার্জন কার্যালয়ে এক দিনের প্রশিক্ষণে ছিলেন। পরিবার কল্যাণ সহকারি সুরমা বেগম ওই দিন ক্লিনিকের দায়িত্বে ছিলেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানার জন্য মোবাইল ফোনে সুরমা বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আক্তার হোসেন আটক করা হয়। শুক্রবার তাকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।