সৈয়দপুরের এনজিও চাকরি প্রার্থীদের সড়ক অবরোধ

নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (জেএসডিও) নামে একটি বেসরকারি সংস্থার চাকরির ইন্টারভিউ দিতে এসে সংশ্লি­ষ্টদের দেখা না পাওয়ায় প্রার্থীরা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ওই সংস্থাটি ঢাকার বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিকে জোনাল ম্যানেজার, সহকারি জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, সহকারি এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক্ষক, ফিল্ড অফিসার ও সহকারি ফিল্ড অফিসারসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলার প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করে। এতে হাজার হাজার বেকার যুবক-যুবতীরা আবেদন করে।
 
শুক্রবার সকাল ৯টায় পরীক্ষার স্থান নির্ধারণ করা হয় শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে। প্রার্থীরা এসে দেখেন সংশ্লি­ষ্ট কেউ নেই। এ অবস্থায় তারা প্রতিবাদ শুরু করে। রংপুর সড়ক সকাল ১০টা ১১টা পর্যন্ত অবরোধ করে রাখে। 
 
পরে অবরোধকারীদের থানা পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এবং স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে আলোচনা করা হয়। এ সময় এনজিওটির কেউ উপস্থিত ছিল না।