আল-কায়েদা থেকে জঙ্গি ফুসলাচ্ছে আইএস! পাল্টা অভিযোগ আল-কায়েদার বিরুদ্ধেও। এবার একে অপরের বিরুদ্ধে সরব হল বিশ্বের দুই শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়দা এবং আইএস। খবর আনন্দবাজার পত্রিকার।
২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়দার হাল ধরেন মিসরীয় আয়মান আল-জাওয়াহিরি। সিরিয়া এবং ইরাকে আইএসের উত্থানের পর ক্রমশ শক্তি হারাতে থাকে একসময়ের প্রবল ‘পরাক্রমশালী’ আল-কায়দা। আর এরপর থেকেই বেশ কয়েকবার আইএসের বিরোধিতা করতে দেখা গেছে জাওয়াহিরিকে। এবার সেই বিরোধিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে তাদের জঙ্গিদের ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করলেন জাওয়াহিরি।
দিন কয়েক আগের এক রেডিও বার্তায় আল-কায়দার প্রধান বলেন, ‘আবু-বকর-আল-বাগদাদি এবং তাঁর সঙ্গিরা আমাদের যথেষ্ট ক্ষতি করেছে। আমাদের লোকদের তাদের দলে যোগ দিতে বাধ্য করছে। আমরা এর প্রতিরোধ করব।’ তবে প্রতিরোধের পদ্ধতি নিয়ে কোনো কথা না বললেও তিনি আবার আইএসের সঙ্গে একযোগে কাজ করার কথাও জানিয়েছেন । তার মতে, ‘পদ্ধতিগত ভাবে আইএস প্রচুর ভুল করলেও সিরিয়া এবং ইরাকে তাদের কাজ নিয়ে আমরা খুশি। সেখানে আমরা থাকলে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামে অংশ নিতাম।’