লালমনিরহাটের আদিতমারী উপজেলার শঠিবাড়ী বাজারে পুলিশকে মারপিট করে হাতকড়াসহ আনিচুর রহমান (৪২) নামে চিহ্নিত এক চাঁদাবাজকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামি আনিচুর রহমান উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাসিন্দা।
এদিকে এ ঘটনার পর পুলিশ রাতেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের পরিবারের লোকজনের অভিযোগ, রাতের অন্ধকারে নিরপরাধ এসব মানুষের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে পুলিশ তাদের তুলে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শঠিবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আনিচুর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদা দিতে অস্বীকার করলে কাজ বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় গত ২৫ অগাস্ট ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন।
বৃহস্পতিবার রাত আটটার দিকে শঠিবাড়ী বাজারে অভিযান চালিয়ে আসামি আনিচুরকে গ্রেফতার করে মোটরসাইকেলে তোলার চেষ্টা চালায় পুলিশ। আনিচুরকে আটকের খবর পেয়ে তার ভাইসহ দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে শঠিবাড়ী গ্রামের সেকেন্দার আলী (৪০), ফেরদৌস (৩০), উত্তর গোবধা খালকাটা গ্রামের তিন সহদোর মতিয়ার রহমান (৩০), আতিয়ার রহমান (২০) ও রেজাউলকে (১৮) গ্রেফতার করেছে।
এলাকাবাসীর দাবি, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আটক তিন সহোদরের বাড়ির দূরত্ব প্রায় চার কিলোমিটার। স্থানীয় একটি চক্রের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আর এ ঘটনার জের ধরে চক্রটি পুলিশের সঙ্গে আঁতাত করে তাদের এ ঘটনায় জড়িয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জানান, আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় শুক্রবার ১৯ জনের নামসহ অজ্ঞাত আরো কয়েকজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।