ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বইগর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার রাতে অপহরণকালে মকবুল হোসেন ঢালী নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের অন্য সদস্যরা একটি মাইক্রোবাসে করে ঢাকা অভিমুখে দ্রুত পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা করে শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বইগর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার রাতে মকবুল হোসেন ঢালী পুলিশ পরিচয়ে বইগর গ্রামের মো. তৈয়ব আলী ভুইয়ার ছেলে ব্যবসায়ী মো. হানিফ ভুইয়াকে মামলার ভয় দেখিয়ে হাতে হ্যান্ডক্রাফট পরিয়ে তুলে নিয়ে যাচ্ছিল। স্থানীয় লোকজন সন্দিহান হয়ে মকবুল হোসেন ঢালীকে আটক করে। এ সময় মকবুল তাদের প্রশ্নের সদুত্তর দিতে না পারলে গণধোলাইয়ের শিকার হন। মাইক্রোতে থাকা অন্য সদস্যরা এ সময় দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণকারী এই ভুয়া পুলিশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। ঢালী মাদারীপুরর শিবগঞ্জ উপজেলার ডিগিরচর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর এলাকায় অপহরণ আতঙ্ক বিরাজ করছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, ঢালী অপহরণকারী চক্রের অন্যতম সদস্য। একটি চক্র পুলিশ পরিচয়ে কাউকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করে।