কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী ও হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর একটায় টেকনাফ পৌর এলাকার বাজারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ ইউনুছ (৪৫) টেকনাফ পৌর বাজারপাড়া এলাকার হাজী আলী হোসেনের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, মোহাম্মদ ইউনুছ তালিকাভুক্ত মানবপাচারকারী এবং হুন্ডি ব্যবসায়ী। তার বিরুদ্ধে মানবপাচার ও মানি লন্ডারিং আইনে মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হবে।