পার্বত্যাঞ্চলকে আলোকিত করেছে আওয়ামী লীগ : দীপংকর


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার সুযোগ সৃষ্টি করে পার্বত্যাঞ্চলকে আলোকিত করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ লুটপাট ও সন্ত্রাসে বিশ্বাসী নয়। দলটি গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কল্যাণ করাই হচ্ছে আওয়ামী লীগের কাজ। তিনি বলেন, এমন এক সময় ছিলো যখন পার্বত্য এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। সেই কঠিন পরিবেশ মোকাবেলা করে দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই সারাদেশের ন্যায় পার্বত্য দুর্গম এলাকায় শিক্ষার প্রসারে ব্যাপকভাবে কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ চালু হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, যা এ অঞ্চলের মানুষের জন্য ছিল কল্পনার মতো। অথচ রাঙ্গামাটিতে উচ্চশিক্ষা কার্যক্রম এখন বাস্তবতা।

দীপংকর তালুকদার বৃহস্পতিবার রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৩ নম্বর গুলশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজ আহমেদ, লংগদু আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো. জানে আলম, লংগদু উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম, লংগদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো, আজগর আলী, গুলশাখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তা অতীতে কোন সরকারের আমলেই হয়নি। তিনি বলেন, বছরের প্রথম দিনই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণসহ ছাত্র-ছাত্রীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বর্তমান সরকার ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম ব্যাহত করতে বিএনপি-জামায়াত অনেক ষড়যন্ত্র করেছে। তারা বইয়ের গুদামে আগুন দিয়েছে, পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করেছে। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র জনগণ রুখে দিয়েছে।
দীপংকর তালুকদার বলেন, ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এখনো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসাধারণের সরলতার সুযোগ নিয়ে ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষার নামে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে তাদের বিপথে পরিচালিত করা হচ্ছে। ধর্মীয় অপব্যাখ্যা ও সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সজাগ থাকার জন্য তিনি শিক্ষকসহ সকল অভিভাবকদের প্রতি আহবান জানান।

তিনি বিদ্যালয়ের ভবন বর্ধিতকরণসহ স্কুলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি স্কুল অডিটোরিয়াম নির্মাণ করার আশ্বাস প্রদান করেন।
আলোচনাসভা শেষে স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বাসস।