সিকান্দার বক্স সিরিজটি ঈদে দর্শকদের একটি বাড়তি আকর্ষণ। গত কয়েক বছর ধরে প্রতি ঈদেই বাংলাভিশনে প্রচার হচ্ছে সিকান্দার বক্স সিরিজের সাত পর্বের ধারাবাহিক নাটক। সেই ধারাবাহিকতায় এবার কোরবানি ঈদেও সিরিজের নতুন নাটক প্রচার হবে।
এরইমধ্যে নাটকটির শুটিং শুরু হয়ে গেছে। এবারের পর্বের নাম রাখা হয়েছে ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’। শনিবার থেকে নাটকটির পুরো ইউনিট যাবে ময়মনসিংহে।
নাটকটির পরিচালক সাগর জাহান বলেন, ‘এক সময় ঈদের নাটকের প্রতি দর্শকদের আকর্ষণ থাকতো এখন তেমনটা খুব দেখা যায় না। তাই আমি চেষ্টা করছি গল্পে ভিন্নতা এনে দর্শকদের আনন্দ দিতে। বিগত কয়েক বছর ধরে সিকান্দার বক্স সিরিজটি বেশ জনপ্রিয়। এবারের পর্বটিও সবার ভালো লাগবে আশা করি।’
সিকান্দার বক্স চরিত্রে যথারীতি মোশাররফ করিম ও তার স্ত্রী আনিকা কবির শখ, মামা ফারুক আহমেদ ও আলগা সিদ্দিক চরিত্রে, শাহনেওয়াজ রিপনসহ অন্যরা অভিনয় করছেন। এর সাথে এবারের পর্বে নতুন করে যুক্ত হচ্ছেন ইরেশ যাকের ও শামীমা নাজনীন।