সবাইকে অবাক করে দিয়ে ২১টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনাকে থামিয়ে দিলেন ভিঞ্চি। ইউএস ওপেনের সেমিফাইনালে এই ঘটনাটি ঘটলো।
ডব্লুটিএ র্যাঙ্কিংয়ের ৪৩তম ইতালির অ-বাছাই রবার্তা ভিঞ্চি আর টেনিসে বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস আর্থার অ্যাশে স্টেডিয়ামে ২০ হাজার দর্শকের সামনে যুদ্ধে নেমেছিলেন। ভিঞ্চির এটাই ছিল প্রথম গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল।
সেরেনাকে থামিয়ে দিতে ২-৬, ৬-৪, ৬-৪ গেমে জয় নিশ্চিত করেছেন ভিঞ্চি। ফাইনালে তার প্রতিপক্ষ স্বদেশি ফ্ল্যাবিও পেনেত্তা। আর সেটিও হতে যাচ্ছে টেনিসের ওপেন যুগের ইতিহাস। কারণ ১৯৬৮ সালের পর থেকে এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে দুই প্রতিপক্ষই ইতালিয়ান।
এতকিছু অর্জনের মধ্যেও এক বছরে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা বা ‘ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম’ জেতা হয়নি সেরেনার। সে সম্ভাবনা জাগিয়ে প্রথম সেট নিজের করে নিয়েছিলেন তিনি। কিন্তু পরের দু’টি সেটে ভিঞ্চির কাছে হেরে ইউএস ওপেনের সেমি থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা।