নেতাজীর গোপন ফাইল প্রকাশ হচ্ছে


নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত যাবতীয় গোপন ফাইল প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে সেখানকার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ফাইলগুলো কলকাতা পুলিশের ডিসি (উত্তর) অফিসের মহাফেজখানায় রাখা থাকবে। আগামী শুক্রবার থেকে সাধারণ মানুষ তা দেখতে পারবে।

শুক্রবার এক সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নেতাজির বিষয়ে কেন্দ্রী সরকারের গোপন ফাইলের সংখ্যা ৬৫।  এর মধ্যে কলকাতা গোয়েন্দা পুলিশের কাছে আছে ৫৫টি ফাইল। রাজ্য পুলিশের কাছে ৯টি, আরেকটি অন্য কোথাও রয়েছে।

তিনি আরো জানান, ফাইলগুলো সরকারি ওয়েবসাইটে ঢুকেও দেখা যাবে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য এখনও উন্মোচিত হয়নি। ১৯৪৫ সালের ২২শে আগস্ট ফরমোজায় বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর কথা জাপান সরকার প্রচার করলেও তা মেনে নিতে পারেনি ভারতের মানুষ।

ভারত সরকার রহস্য উন্মোচনে একাধিক কমিশন গঠন করেও সুনিশ্চিতভাবে জানাতে পারেনি নেতাজির কবে, কীভাবে মৃত্যু হয়েছিল।

তবে নেতাজির পরিবারের পক্ষ থেকে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে যেসব ফাইল রয়েছে সেগুলি প্রকাশ করার দাবি জানানো হয়।

কিন্তু ভারত সরকার গোপন ফাইল প্রকাশে আপত্তি জানিয়ে আসছেন। তাদের বক্তব্য, এই সব নথি প্রকাশ করা হলে অনেক দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট হবার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, ভারত সরকারের কাছে ১৩০টি নেতাজি সংক্রন্ত গোপন ফাইল রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের হাতে রয়েছে ৬৫টি ফাইল।

এতদিন পর পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকা ৬৪টি ফাইল প্রকাশ্যে আনা হচ্ছে। আগামী ১৮ই সেপ্টেম্বর এগুলো প্রকাশ করা হবে।

নেতাজিকে নিয়ে যেসব গবেষক কাজ করছেন, তাদের অনেকেই জানিয়েছেন, এই ফাইলগুলি প্রকাশ হলে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে অনেক তথ্য সামনে আসবে।