নাগরিক যুব ঐক্য’র প্রধান উপদেষ্টা এস এম আকরাম বলেছেন, এই সরকার মাহমুদুর রহমান মান্নাকে ভয় পায় কারণ তিনি যদি কারাগারের বাইরে থাকতেন তাহলে জনগণের পক্ষের সকল অধিকার নিয়ে কঠোর আন্দোলন করতেন। একই সঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার দ্রুত মুক্তির দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য ও নাগরিক যুব ঐক্য।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক যুব ঐক্য ও নাগরিক ছাত্র ঐক্যের সমন্বয়ে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
আকরাম বলেন, মাহমুদুর রহমান মান্না স্বচ্ছতা ও সততার মাধ্যমে এ দেশের সকল জনগণের চাহিদা, প্রয়োজন তুলে ধরার চেষ্টা করছিলেন। কিন্তু তার এই মহৎ কাজ সরকার করতে দিচ্ছে না।
তিনি আরো বলেন, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর যে সাড়ে সাত শতাংশ ভ্যাটের কথা বলা হচ্ছে তা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো যে করেই হোক শিক্ষার্থীদের কাছ থেকেই এই ভ্যাট আদায় করে নেবে। তাই অর্থমন্ত্রীর এই পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানান তিনি।