‘৩৫ জনের কম শিক্ষার্থী হলে পার্শ্ববর্তী বিদ্যালয়ে সংযুক্ত’

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, যেসব বিদ্যালয়ে ৩৫ জনের কম শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষার পরিবেশ সৃষ্টিতে পার্শ্ববর্তী কোন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। শনিবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ডিজিটাল ‘দিন বদলের অভিযান’র উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

 

জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং সংস্কার কাজের অগ্রগতি সর্ম্পকে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ প্রতিটি বিদ্যালয় সংস্কার করা হবে। ইতোমধ্যে জরাজীর্ণ বিদ্যালয়গুলোর সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।

 

এ পর্যন্ত রাজধানীর ১২টি বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। এসব বিদ্যালয় সংস্কারে সর্বনিম্ন ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সংস্কার ব্যয় করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি বলেন, আগামী নভেম্বর মাস থেকে প্রাথমিক স্তরের উপবৃত্তির আওতা থেকে একজন শিক্ষার্থীও বাদ পড়বে না। প্রাথমিক স্তরে উপবৃত্তির সংখ্যা বাড়ানো হচ্ছে।

 

বাংলাদেশ ফোরামের আয়োজনে সরকারের অগ্রাধিকার খাত সমূহের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংগঠন সভাপতি এম কে রানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ, এফবিসিসিআই এর পরিচালক আমিন হেলালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা ও চট্টগ্রাম (দ:) জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিহ।