ভারতে মৃত্যুদণ্ড বিলোপের আহ্বান জাতিসংঘের

 
ভারতের আইন কমিশন কর্তৃক সন্ত্রাসী অপরাধ বাদে মৃত্যুদণ্ড রহিত করার সুপারিশকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সেই সঙ্গে সংস্থাটি পুরোপুরি মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করার জন্য আহ্বানও জানিয়েছে। খবর এনডিটিভির।
 
জাতিসংঘের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বিরোধী বিষয়ক বিশেষ দূত ক্রিস্টোফ হেইনস বলেন, ভারতের আইন কমিশনের মৃত্যুদণ্ড রহিত করার এ সংক্রান্ত সুপারিশ সময়োপযোগী পদক্ষেপ। এটা সত্যিই প্রশংসার দাবিদার।
 
তিনি বলেন, আমি ভারতীয় কর্তৃপক্ষকে এ সংক্রান্ত সুপারিশমালা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণরূপে বাতিল করার জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
 
গত ৩১ আগস্টে ভারতের আইন কমিশনের ওই প্রতিবেদন বের হয়। এতে বলা হয়—মৃত্যুদণ্ড দিলেই সব কিছুর সমাধান হয়ে যায় না। কমিশন সুপ্রিম কোর্টের আদেশক্রমে এ গবেষণা চালায়।
 
প্রতিবেদনে বলা হয়—যখন মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে যায়, তখন তাদের মাঝে চরম মনকষ্ট বিরাজ করে। সেই সঙ্গে থাকে উদ্বিগ্নতা এবং একটা আতঙ্ক বিরাজ করে। এর মধ্যে একাকিত্ব বন্দী অবস্থাও রয়েছে।
 
জাতিসংঘের অপর এক বিশেষ দূত হুয়ান মেনডেজ  বলেন, ভারতীয় কর্তৃপক্ষকে এর সুপারিশসমূহ যথাযথভাবে পর্যালোচনা করে একটা আইনে পরিণত করতে হবে।