টেকনাফে দুই মানবপাচারকারী গ্রেফতার

আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য দিল মোহাম্মদকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার ভাই মোহাম্মদ ইউনূছকেও (৩৫) গ্রেফতার করা হয়েছে।
 
শনিবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা।
 
জানা গেছে, দিল মোহাম্মদ দীর্ঘ দিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করে সাগর পথে মানবপাচারে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের ১১ সদস্যের একজন দিল মোহাম্মদ। তার ভাই মোহাম্মদ ইউনুছও (৩৫) এ চক্রের সদস্য।
 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টেকনাফ থানাসহ দেশের বিভিন্ন থানায় মানবপাচার, অপহরণ ও হত্যা মামলা রয়েছে।