নিউইয়র্কে গান গাইবেন তানভীর তারেক ও ইলিয়াস হোসেন

 
নিউইয়র্কের প্রতিষ্ঠান থ্রি-এম মিউজিকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে এসেছেন বাংলাদেশের দুই তরুণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর তারেক ও ইলিয়াস হোসেন। স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠেয় ‘হাজারো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে গান পরিবেশনের মাধ্যমে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে অভিষিক্ত হবেন তারা।
 
বয়সে অপেক্ষাকৃত তরুণ হলেও তানভীর তারেক ও ইলিয়াস হোসেনের সঙ্গীতের জগতে দাপিয়ে বেড়াচ্ছেন অনেক আগে থেকেই। সার্বক্ষণিক সাংবাদিকতা পেশায় নিয়োজিত তানভীর তারেক দৈনিক ইত্তেফাকের বিনোদন বিভাগের প্রধান। তার বেশকিছু মৌলিক গান এখন দারুণ জনপ্রিয়। সর্বশেষ তার হিট গান ‘ঝুম বরষায়’ শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। আর ‘না বলা কথা’ গানের মাধ্যমে যাকে সহজেই চেনা যায় তিনি ইলিয়াস হোসেন। না বলা কথা ১ দিয়ে শুরু। এরপর গুনে গুনে ২ ও ৩ বের করেছেন। প্রতিটি অ্যালবামই অডিও বাজারে স্থান দখল করেছে। দুজনেরই যুক্তরাষ্ট্রে আগমন প্রথমবার।
 
যে প্রতিষ্ঠানের আমন্ত্রণে তাদের এই যুক্তরাষ্ট্র সফর সেই থ্রি-এম মিউজিকের কর্ণধার বাংলাদেশি আমেরিকান জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর শাহীন। নিউইয়র্ক ও ঢাকার সঙ্গীত জগতের নক্ষত্র বললেও ভুল হবে না তাকে। তানভীর শাহীনের ‘মনের ঘর’ অ্যালবাম শুধু জনপ্রিয়ই নয়, বাণিজ্যিকভাবেও সফল। তানভীর তারেক ও ইলিয়াস তার ঘনিষ্ঠ বন্ধু।
 
ইত্তেফাককে তানভীর শাহীন জানান, দুজনই প্রতিভাবান শিল্পী। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল তাদের যুক্তরাষ্ট্রে এনে এখানকার বাংলা গানের শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। রবিবার ‘হাজারো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে গান পরিবেশনের মাধ্যমে তানভীর তারেক ও ইলিয়াস নিউইয়র্কে অভিষিক্ত হতে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা ‘হাজারো কণ্ঠে সোনার বাংলা’ কোনো গতানুগতিক অনুষ্ঠান নয়। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি দেশ মাতৃকার ভালবাসায় সেদিন গাইবেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।’ আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে প্রবাসে হতে পারে বিশ্বরেকর্ডও। এ ধরনের একটি বিরল অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পাচ্ছেন তানভীর তারেক ও ইলিয়াস হোসেন। এটি ইতিহাসের অধ্যায় হয়ে থাকবে বললেও ভুল হবে না বলে জানালেন তানভীর শাহীন। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে গান পরিবেশন করবেন এ দুজন শিল্পী। বলতে গেলে তারা ব্যস্ত সময় কাটাবেন যুক্তরাষ্ট্রে।