টেকনাফে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় খালে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলো, শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়ার বাসিন্দা মনির উল্লাহ ছেলে মহিউদ্দিন (১০) ও ইরফান উদ্দিন (৭)।
 
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া খালে এ ঘটনা ঘটে। মহিউদ্দিন ডাঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ইরফান উদ্দিন ডাঙ্গরপাড়া নুরানী মাদরাসার ছাত্র ছিল।
 
পরিবার ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মত মনির উল্লাহ মাছ ধরতে সাগরে যায়। সকালে তারা দুই ভাই ঘুম থেকে উঠে ঘরে বাবাকে দেখতে না পেয়ে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র সৈকতে গিয়ে বাবার সঙ্গে দেখা করে। এ সময় মনির উল্লাহ নৌকা থেকে মাছ খালাস করছিলেন। তাই মনির উল্লাহ ওই দুই ছেলেকে ঘরে চলে যেতে বলে। ঘরে ফেরার সময় সকাল সাড়ে নয়টার দিকে মহিউদ্দিন ও ইরফানসহ এলাকার ছয়-সাতজন শিশু পশ্চিমপাড়া খালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর অন্য শিশুরা উঠে এলেও দুই ভাই পানিতে ডুবে যায়। পরে গ্রামের লোকজন এদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
টেকনাফ মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।