প্রথম বারের মতো নেদারল্যান্ডসে সচিব পর্যায়ে বৈঠক

 
দ্য হেগে মধ্যে প্রথম বারের মতো বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকের মধ্য দিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
 
বৈঠকে উভয় পক্ষ বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে সম্পর্কের এই ধারা অব্যাহত রেখে পানি সম্পদ, কৃষি, শিক্ষা, মত্স্য সহ সৃজনশীল খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন। দুদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সৃজনশীল খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে তৈরি-পোশাক, টেক্সটাইল, কৃষি, পাট ইত্যাদি খাতে সহায়তা করতে নেদারল্যান্ডস সম্মত হয়। এছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আরো বেশি বৃত্তি দেয়ার অনুরোধ বিবেচনার আশ্বাস দেয়া হয়।
 
নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও রেনে জোসে বোস তাদের নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
 
নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে পররাষ্ট্র সচিব বর্তমানে দেশটিতে রয়েছেন। বৃহস্পতিবার তিনি ডাচ পরিবেশ ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী মেলানি শুল্জ এবং ডাচ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে বৈঠক করেন।