মক্কায় ক্রেন দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রকাশের ঘোষণা দিয়েছে সৌদি বাদশাহ সালমান।
শনিবারে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সৌদি বাদশাহ সালমান। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে তিনি দেখাও করেছেন।
এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার মসজিদ আল-হারাম-এর উপরে শুক্রবার ক্রেন আছড়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০৭জন নিহত এবং আরো অন্তত ২৩০ জন আহত হয়েছে।
তবে বলা হচ্ছে যে, ঘটনার পরপরই আতঙ্কিত মানুষের ছোটাছুটির কারণে পদপিষ্ট হয়ে এবং মসজিদের ভেতরে ছাদের ভগ্নাংশের নিচে চাপ পড়ে ঠিক কত মানুষ আহত হয়েছে তার প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায় নি।
কর্তৃপক্ষ বলছে, ঝোড়ো হাওয়া ও প্রচণ্ড বৃষ্টির কারণে ক্রেনটি পতিত হয়েছিল।
বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন, সৌদি আরবের নির্মাণ খাতে নিরাপত্তা প্রসঙ্গে আগেও উদ্বেগ ছিল।
হজ্জ শুরু হবার মাত্র দুই সপ্তাহ বাকি আছে। তার মধ্যেই এই ঘটনা ঘটলো।
এই মাসের শেষের দিকেই সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলিমদের একটি বিরাট অংশ মক্কায় হজ পালনের জন্য আসবেন।
কমপক্ষে ২০ লাখ লোক হজ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।