ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের চতুর্থ দিনের আন্দোলন চলছে

টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে তারা।
 
রবিবার সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন বড় শহরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
 
এ দিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতাবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
‘নো ভ্যাট’ আন্দোলনের মুখপাত্র ফারুখ আহমেদ আরিফ  জানান, সকাল ১০টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে সাড়ে ১০টার দিকে রাজধানীর কলাবাগান ওভারব্রিজ-সোবহানবাগ মোড়ে থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে ধানমন্ডি-৩২ নম্বর ও স্টেট ইউনিভার্সিটি পর্যন্ত যাবে। এরপর আবার কলাবাগানে ফিরে আসবে।
 
এদিকে, বনানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বেলা ১১টায় শুরু হবে অবরোধ, একই সময় মহাখালী-শুলশান, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় ও উত্তরা হাউজ বিল্ডিং সড়কে অবস্থান নেবেন সাধারণ শিক্ষার্থীরা।
 
এছাড়া বেলা ১২টায় ধানমন্ডি-১৫ থেকে ২৭ নম্বর সড়কে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করবেন।
 
একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ বেশ কয়েকটি শহরে আন্দোলনে নামছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।