মহাকাশে ৮৭৯ দিন কাটিয়ে রেকর্ড গড়লেন পাদালকা


মহাকাশে ৮৭৯ দিন কাটিয়ে রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরেছেন রুশ নভোচারী গেনাদি পাদালকা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে শনিবার তিনি আরো দুইজন নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

গেনাদি মোট পাঁচবারের মহাকাশযাত্রায় মহাশূন্যে কাটিয়েছেন ৮৭৯ দিন। এর মধ্য দিয়ে তিনি আরেক রুশ নভোচারী সের্গেই ক্রিকালেভের রেকর্ড ভেঙেছেন। ক্রিকালেভ মোট ৮০৩ দিন ৯ ঘণ্টা ৪১ মিনিট মহাশূন্যে কাটিয়েছেন। ১০ বছর ধরে এই রেকর্ড তার দখলে ছিল। আইএসএসে কর্মরত অবস্থায় গত ২৮ জুন ক্রিকালেভের রেকর্ডটি ভাঙেন গেনাদি।

কাজাখস্তানে অবতরণ করার পর সহকর্মীরা তাকে ঘিরে রাখেন। এ সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে গেনাদি বলেন, 'আমার ভালোই লাগছে।'

এছাড়া আরো একটি রেকর্ড গড়েছেন গেনাদি। চারবার আইএসএসে গিয়ে সেখানকার কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার রেকর্ড একমাত্র তারই।

১৯৯৮ সালে তিনি রুশ মালিকানাধীন মির মহাকাশ স্টেশনে যান। ২০০৯ সালের দ্বিতীয় যাত্রায় তিনি আইএসএসে যাওয়ার সুযোগ পান। প্রথমবার আইএসএসে গিয়ে তিনি ১৯৯ দিন কাটান। এর পরের তিনটি যাত্রাই ছিল আইএসএসে। সব মিলিয়ে গেনাদির হাতে এখন দু-দুটি রেকর্ড।

গেনাদির সর্বশেষ আইএসএস যাত্রায় তার সঙ্গী ছিলেন আরেক রুশ নভোচারী মিখাইল করনিয়েনকোভ ও আমেরিকার স্কট কেলি। গত ২৭ মার্চ তারা কাজাখস্তানে অবস্থিত মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র বাইকোনুর থেকে রওনা হন। ২ সেপ্টেম্বর আইএসএসের উদ্দেশে রওনা হন কাজাখস্তানের আইদিন আইমবেতোভ এবং ডেনমার্কের আন্দ্রেস মোজেনসেন। এ দুজনের সঙ্গেই গতকাল পৃথিবীতে ফেরেন গেনাদি।

-বিবিসি