বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলছে

 
দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
 
আলাদা বেতনস্কেল ও বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ক্লাস হচ্ছে না।
 
মন্ত্রিসভায় নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদনের পর আন্দোলনে নামেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে এবং শিক্ষকদের এই ব্যবহারে তিনি অত্যন্ত দুঃখিত। পরে তার বক্তব্যের জন্য সিলেটে এক সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
 
বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি দেশের সরকারি কলেজগুলোতেও আন্দোলন শুরু করেছেন শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে গত বৃহস্পতিবার তারা কর্মবিরতি পালন করেছেন।