রামপুরা ব্রিজ, বসুন্ধরা গেট, মহাখালী, উত্তরা, ধানমন্ডি, বনানী ও মালিবাগ- শান্তিনগর এই ৭টি ব্লকে ভাগ করে ঢাকাকে অচল করেছে টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই পরিকল্পনার কথা প্রচার করেছিল। আন্দোলনচালাকালে রাজধানীবাসীকে ঘরে থেকে না বের হওয়ার অনুরোধ জানায় তারা।
IMG0
টিউশন ফির ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরো ঢাকা জুড়ে রাস্তায় অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে পুরো ঢাকার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে।
IMG1
আজ রবিবার সকাল ১০ টায় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন আফতাবনগর এলাকার রাস্তা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক এলাকার সামনে অবস্থান নেয়।
ব্র্যাক ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাসের (মহাখালী) সামনে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম কাকলি পয়েন্টের রাস্তা আটকে দেওয়ার কারণে এয়ারপোর্ট রোডে অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে।
IMG2
ধানমন্ডিতেও বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে জ্যামের সৃষ্টি হয়েছে। গাজীপুর-টাঙ্গাইল-ময়মনসিংহকে ঢাকার সঙ্গে সংযুক্ত করা আব্দুল্লাহপুরে আইউবিএটি, উত্তরা ইউনিভার্সিটি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর ছাত্রদের অবস্থানের কারণে রাস্তা বন্ধ হয়ে আছে।
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনে গত বুধবারে পুলিশ গুলি করার পরে দাবানলের মতো সেটি পুরো ঢাকায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবারে ছাত্ররা রাস্তায় নেমে আসলে পুরো ঢাকার ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ে।
IMG3
শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলেনের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড থেকে বলা হয়, ভ্যাট শিক্ষা প্রতিষ্ঠানকে দিতে হবে শিক্ষার্থীদের নয়। তবে রাজস্ব বোর্ড এর ব্যাখ্যা গ্রহণ না করে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, সরকার ৭.৫ শতাংশ ভ্যাট তুলে না নিলে তিন দিনের অবস্থান কর্মসূচি পালন করবে, যা আজ রবিবার থেকে শুরু হয়েছে।
একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ বেশ কয়েকটি শহরে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।