কুমিল্লায় ৬০ লাখ টাকার মাদকদ্রব্য আটক

কুমিল্লায় ৬০ লাখেরও বেশি টাকার মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। রবিবার দুপুরে এসব মাদ্রকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ও অন্যান্য মালামাল কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
 
জানা যায়, শনিবার গভীর রাতে ও রবিবার ভোরে বিজিবির একাধিক টিম জেলার ভারত সীমান্তবর্তী চৌদ্দগ্রামের আমানগন্ডাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ১৩০ বোতল ফেনসিডিল, ৩১ কেজি গাঁজা, ১৯৭ বোতল হুইস্কি, ৬৫ হাজার নেশাজাতীয় টেবলেট, ২১টি শাড়িসহ বিভিন্ন মালামাল আটক করা হয়। 
 
কুমিল্লা কোটবাড়ির ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য ৬০ লাখ ৩৭ হাজার ৫শ টাকা। এগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।