বেনাপোল বন্দর দিয়ে পাট রপ্তানি বন্ধ

ভারতীয় ব্যবসায়ীদের প্রতি সে দেশের জুট কমিশনের নতুন নীতিমালা বেঁধে দেয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাট রপ্তানি শনিবার থেকে বন্ধ রয়েছে। ফলে বেনাপোল স্থলবন্দরে কয়েক শ‘ পাট ও পাট জাত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে।
 
তবে এ পথে ভারতের সঙ্গে অন্যান্য পণ্য আমদানি ও রপ্তানি স্বাভাবিক রয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাট রপ্তানি বন্ধ হয়ে যায়। বেনাপোল আমদানি-রফতানিসহ সাধারণ সম্পাদক মসিন মিলন জানান, ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে কোনো পাটের চালান গ্রহণ করছে না। বিষয়টি নিয়ে তাদের প্রতিনিধিরা পেট্রাপোল বন্দরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, বাংলাদেশি পাট ও পাট জাত পন্য আমদানির ক্ষেত্রে সে দেশের ব্যবসায়ীদের প্রতি ভারতের জুট কমিশনের নতুন কয়েকটি নীতিমালা বেঁধে দিয়েছে। এই শর্ত পুরণ না করলে বাংলাদেশ থেকে কোনো পাটের চালান তারা আমদানি করতে পারবে না। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক হচ্ছে।
 
বেনাপোল বন্দরের পাট রপ্তানিকারক প্রতিনিধি সি এন্ড এফ  এজেন্ট প্রতিষ্ঠান জাহান শিপিং লাইনসের ম্যানেজার শরিফুল ইসলাম জানান, ভারত সরকার নতুন করে প্রজ্ঞাপন জারির পর পাট বোঝাই কোনো ট্রাক ভারতে প্রবেশ করতে পারছে না। এতে বেনাপোল বন্দরে কয়েক শ‘ ট্রাক পাট ও পাট জাত পণ্য নিয়ে আটকা পড়ে আছে।
 
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, 'পাট বন্ধ সংক্রান্ত কোনো চিঠি পাইনি। তবে শনিবার থেকে কোনো পাট ও পাট জাত পণ্যের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ গ্রহণ করছে না।'