বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

বরিশালসহ দেশের তিনটি স্থানে একযোগে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 
 
রবিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর হাসপাতাল রোডের উত্তর সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়। 
 
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন প্রদীপ প্রজ্জ্বলন করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত আঞ্চলিক এই কেন্দ্রের উদ্বোধন করেন।
 
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও ময়মনসিংহ ভিসা আবেদন কেন্দ্রেরও উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে পঙ্কজ শরন বলেন, আমরা সামনে-পেছনে নয়, একসঙ্গে পাশাপাশি চলতে চাই। বাংলাদেশের মানুষের সময় বাঁচাতে ও আর্থিক ভোগান্তি দূর করতে চাই। ভারতীয় ভিসা সহজে পেতে বরিশাল, রংপুর ও ময়মনসিংহে ভিসা আবেদন কেন্দ্র করা হয়েছে।
 
তবে ভারতীয় ভিসা পেতে মানুষকে যেন ভোগান্তি পোহাতে বা দালালের কবলে না পড়তে হয় সেদিকে নজর রাখা হবে বলেও জানান তিনি।