কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও পিকাপভ্যানের সংঘর্ষে বাবু শেখ (৫০) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন পিকাপভ্যানের চালকসহ দুইজন। রবিবার রাত সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। বাবু শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাজিপাড়া গ্রামের মৃত. আফসার শেখের ছেলে।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার ভাটিয়াপাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে রাজবাড়ীর গোয়ালন্দগামী সবজিবোঝাই একটি পিকাপভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকাপভ্যানের যাত্রী সবজি ব্যবসায়ী বাবু শেখ ঘটনাস্থলেই মারা যান। এ সময় ওই পিকাপভ্যানের চালক সাগর সরদার (২২) ও অপর সবজি ব্যবসায়ী সাইফুদ্দিন মন্ডল মারাত্মক আহত হন। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এবং পথচারীরা উদ্ধার করে আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে পরে আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ এ ঘটনায় বাসের চালককে আটক করেছে।