গুরুদাসপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন

নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ও ওসি মো. সেলিম রেজাকে তিন দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জানা যায়, পৌর আওয়ামী লীগ সভাপতি, আওয়ামী লীগের মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. জাহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে এমন আদেশ দেন নির্বাচন কমিশন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি ফ্যাক্সে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এসে পৌঁছেছে বলে জানা গেছে। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই পত্র পেয়েছেন বলেও জানা গেছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এবং গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা নানা কারণে বিতর্কিত। নির্বাচনে ইতিমধ্যে তারা বিতর্কিত হয়ে পড়েছেন।

তাই নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। তারা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের ঘোড়া মার্কার পক্ষে কাজ করছেন। সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার বেশ কিছু ছবিসহ তিনি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেন বলে জানা যায়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. জাহিদুল ইসলামের কিছু অন্যায় ও অনৈতিক দাবি মানতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। নৌকার প্রার্থী জাহিদুল ইসলামের অভিযোগের কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার কষ্ট-আমার অপরাধ কী জানতে পারলাম না। সরকারি চাকরিতে বদলী আছে। হতেও হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই।’

‘এদিকে ভোটারের ভোটে নির্বাচন হবে, প্রকৃত ভোটার ভোট দেবে। এবারের নির্বাচন আমাদের অগ্নীপরীক্ষা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মাঝে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করতে হবে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা বিন্দুমাত্র কোন দুর্বলতা দেখাবেন না। নিরাপত্তা বাহিনীর সদস্য আপনাদের পাশে থাকবে। ভয়ের কোন কারন নেই। কেউ কোন কিছু করে সাহস পাবে না। কারণ সরকারের চাওয়া ম্যাসেজ সবার কাছে পৌঁছে গেছে।’ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একথা বললেন বলে দাবি করেন রাজশাহী বিভাগী কমিশনার মো. নুর-উর রহমান।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ওই কথাগুলো বলেন।

আরও পড়ুনঃ সাভারে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

এ সময় নাটোর জেলা প্রশাসক মো. শাহ্রিয়াজ, পুলিশ সুপার বিপিএম, পিপিএম সাইফুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম, গুরুদাসপুর-সিংড়া সার্কেরের এএসপি আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নূহু