কিবরিয়া হত্যার মামলার চার্জ গঠন

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ১০ বছর পর রবিবার চাঞ্চল্যকর এ মামলার চার্জ গঠন হয়েছে।
 
রবিবার এ মামলায় সকল আসামিকে আদালতে হাজির করা হয়। সকাল ১১টায় শুরু হয় শুনানি। দীর্ঘ শুনানি শেষে বেলা দুইটায় চার্জ গঠন করেন আদালত।
 
মামলায় সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ আসামির বিরুদ্ধে জেলার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে চার্জ গঠন করা হয়। এখন আলোচিত এ মামলার বিচার কাজ শুরু হবে। প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর কিবরিয়া হত্যা মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজির শীর্ষ নেতা মুফতি হান্নান, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গৌছ, হরকাতুল জিহাদের জঙ্গি মিজানুর রহমান মিন্টু, হাফেজ মো. নাঈম, বদরুল আলম মিজান ও রিপনসহ ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়। তবে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করা হয়নি।
 
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।