মুরাদনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

 
মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে এক কিশোরীকে ধর্ষণকালে মসজিদের ইমাম এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে কোরবানপুর বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন ইমামের কক্ষ থেকে আটক করার পর রবিবার সকালে অভিযুক্তকে পুলিশে দেয়া হয়েছে। এ ঘটনায় রবিবার বিকালে ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
 
মামলার অভিযোগে জানা যায়, ইমাম ফয়জুল্লাহ চৌধুরী (৩০) বিয়ের প্রলোভন দেখিয়ে মসজিদের পাশের বাড়ির এক তরুণীকে গভীর রাতে ফুসলিয়ে কক্ষে এনে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ইমামকে হাতেনাতে আটক করে। আটক ইমাম ফয়জুল্লাহ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ জনত্সার গ্রামের আবু নুর চৌধুরীর ছেলে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা এবং অভিযুক্ত ইমামকে আদালতে সোপর্দ করা হবে।
 

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে আটক ওই ইমাম বলেন, ‘শয়তানের পাল্লায় পড়ে আমি এমন জঘন্য অপরাধ করেছি, ওই কিশোরীকে যে কোনো শর্তে বিয়ে করতে প্রস্তুত আছি।’