‘নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে’

‘নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে। তবে ভারতের আদালতে তার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পাশাপাশি রাজন হত্যা মামলার প্রধান আসামিকেও দেশে ফিরিয়ে আনতে সকল প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’
 
রবিবার বিকেলে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক এমপি আব্দুল্লাহ্ আল কায়সার।
 
এ সময় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক করিম আহম্মেদ, যুবলীগ নেতা এইচ এম মাসুদ দুলাল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সোনারগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সোহেল রানা বক্তব্য রাখেন।