সৌদি বাদশাহ সালমান মক্কা শরিফে শুক্রবারের ক্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছেন। বাদশাহ সালমান শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন।
দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে ফলাফল প্রকাশ করা হবে বলে এসময় প্রতিশ্রুতি দেন তিনি। শুক্রবার মসজিদুল হারামের ওপরে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় ১০৭ জন নিহত এবং আরো অন্তত ২৩০ জন আহত হয়েছেন।
IMG0
তবে বলা হচ্ছে, দুর্ঘটনার পরপরই আতঙ্কিত মানুষেরা ইতস্তত ছোটাছুটি করায় পদপিষ্ট হয়ে এবং ছাদের ভগ্নাংশের নিচে চাপ পড়ে ঠিক কত মানুষ আহত হয়েছে তার প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায়নি।
প্রবল ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির কারণে ক্রেনটি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। মক্কা শরিফে বিশ্বের মুসলিমদের বৃহত্তম জমায়েত বার্ষিক হজ শুরুর হবার মাত্র দুই সপ্তাহ আগে এই ঘটনা ঘটলো। সূত্র: এএফপি