টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর কাকলি মোড়ে এ ঘটনা ঘটে।
তিতুমীর কলেজের একদল ছাত্র এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টার দিকে কাকলি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে আন্দোলন করায় বিমানবন্দর সড়কে হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার পর উত্তরার দিক থেকে সরকারি তিতুমীর কলেজের তিনটি বাস ওই এলাকায় এসে অবরোধে আটকে যায়। এ সময় বাস থেকে নেমে একদল ছাত্র লাঠি-সোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। হামলার সময় পুলিশকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অতর্কিত হামলায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর অল্প সময়ের জন্য যান চলাচল শুরু হলেও কিছুক্ষণ পর আবারও ফিরে এসে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে রাখে।
তিতুমীরের ছাত্রদের অভিযোগ, আন্দোলনকারীরা তাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়ায় তারা এ হামলা চালিয়েছে।