টেকনাফে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মার্কিন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামের মৃত মোজাহের মিয়ার ছেলে। এ সময় তার অপর এক ভাই গুরুত্ব আহত হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নাজিরপাড়া এলাকার মার্কিন মিয়া ও ছিদ্দিক বাহিনী গং এর মধ্যে জমির মালিকানা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ছিদ্দিক বাহিনী গং- এর লোকজন বিরোধপূর্ণ জমি দখল নেয়ার চেষ্টা করলে মার্কিন মিয়ার লোকজন ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষ ছিদ্দিক আহমেদ ও তার ছেলে ফরিদ আলমসহ তাদের  বাহিনী গং -এর ভাড়াটিয়া ২০-২৫ জন লোক নিয়ে অস্ত্র, কিরিছ, ছুরি লোহার রড ও লাঠি নিয়ে মার্কিন মিয়ার ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায়  মার্কিন মিয়া (৩৫), তার ভাই নুরুল হক (৩০) জখম হয়ে মাটিতে পড়ে যান। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
 
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর ইউনিয়ন নাজির পাড়ার জালাল আহমদের ছেলে জসীম উদ্দিন (২৫),  মৃত মকবুল আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩২) ও ভাই  সৈয়দ আলম (২৮), মৃত নজির আহমদের ছেলে জালাল আহমদ (৪০) আটক করা হয়।  
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দাকার বলেন, 'প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।'