শরণার্থীদের স্রোত ঠেকাতে জার্মানি তার অস্ট্রিয়া সীমান্তে অস্থায়ীভিত্তিতে নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার এ কথা জানিয়েছেন। তবে কী কী ব্যবস্থা এই নিয়ন্ত্রণ আরোপের মধ্যে থাকবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে মেইজিয়ের বলেন, শরণার্থীদের এ সমস্যা বর্তমানে একটি কঠিন সমস্যা। তারা যেভাবে সীমান্ত দিয়ে এখানে প্রবেশ করছে তা অবিলম্বে সীমিত না করা হলে এটি আরো কঠিন আকার ধারণ করবে। তাই সাময়িক পদক্ষেপ হিসাবে সীমান্তে সীমিত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে হচ্ছে।
তিনি এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে অস্ট্রিয়া ও জার্মানির মধ্যে ১২ ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে শরণার্থীদের সমস্যা সেখানে আরো প্রকট আকার ধারণ করেছে। তারা যেভাবে পারছে সেভাবে সেখানে রাত্রি যাপন করছে।
দেশটির ভাইস-চ্যান্সেলর বলেছেন, জার্মানি এখন তাদের ‘সামর্থের সীমাবদ্ধতার’মধ্যে অবস্থান করছে। অর্থমন্ত্রী জিগমার গ্যাব্রিয়েলও নতুন আসা অভিবাসীদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে গত শনিবার মিউনিখে আরো ১৩ হাজার শরণার্থী প্রবেশ করেছে। দেশটিতে এ বছর ৮ লাখ শরণার্থী পৌছাতে পারে বলে জার্মানির পক্ষ থেকে আশা করা হচ্ছে।
জার্মানির বিল্ড ও অস্ট্রিয়ার ক্রোনেন সেইটুং পত্রিকা বলেছে, বাফারিয়া-অস্ট্রিয়া সীমান্তের কিছু কিছু এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।