দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

ক্যালিফোর্নিয়ার খরা কবলিত উত্তরাঞ্চলে ব্যাপক আকারে দাবানল ছড়িয়ে পড়ায় রাজ্যের গভর্নর জেরি ব্রাউন রোববার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দাবানলের কারণে বাধ্য হয়ে হাজার হাজার লোক নিরাপদ স্থানে চলে যাচ্ছে।


কর্তৃপক্ষ জানায়, এক লাখ একরেরও বেশী জমিতে এ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে শত শত ঘরবাড়ি ও বাণিজ্যিক অবকাঠামো পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর হাজার হাজার কর্মী চেষ্টা চালাচ্ছে।

IMG0


বর্তমানে বড় ধরনের আটটি দাবানল সক্রিয় থাকলেও দু’টি দাবানল ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এসব দাবানল থেমে যাওয়ারও কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এ দু’টি দাবানলের একটির অবস্থান রাজ্যের রাজধানী সাক্রামেন্টোর ১৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং অপরটির অবস্থান ১৬০ কিলোমিটার পূর্বে।
রোববার রাতে রাজ্যের দমকল সংস্থা ক্যাল ফায়ার জানায়, শুষ্ক আবহাওয়া, প্রচন্ড বাতাস ও তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ার কারণে বাটি দাবানল ৬৫ হাজার ৩শ’ একর জমিতে এবং ভ্যালি দাবানল ৫০ হাজার একর জমিতে ছড়িয়ে পড়ে।

 

IMG1


ভ্যালি দাবানল সক্রিয় থাকার কারণে গভর্নর ব্রাউন লেক ও নাপা কাউন্টিতে জরুরী অবস্থা ঘোষণা করেন।


স্থানীয় দৈনিক সান্টা রোসা প্রেস-ডেমোক্রেট জানায়, ভ্যালি দাবানলে মিডলটাউন শহরের অনেক ক্ষতি হয়। শনিবার মাত্র পাঁচ ঘন্টায় দাবানল মাত্র ৫০ একর থেকে এক হাজার একর জমিতে ছড়িয়ে পড়ে। ক্যাল ফায়ারের মুখপাত্র ড্যানিয়েল বারল্যান্ট এএফপিকে বলেন, এসব দাবানলের ঘটনায় হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।  রেডক্রস সরিয়ে নেয়া এসব বাসিন্দাকে সাহায্য করতে জরুরী আশ্রয় কেন্দ্র খুলেছে।

 


ক্যাল ফায়ার জানায়, দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় দমকল কর্মীর চারজন সদস্য মারাত্মকভাবে দগ্ধ হয়। দাবানলের পার্শ্ববর্তী এলাকার লোকজনকে সরিয়ে নিতে শনিবার রাতে ও রোববার সকালে নতুন করে নির্দেশ জারি করা হয়। বাসস