আত্রাইয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগর উপজেলায় নদীতে মাছ ধরার সময় পানিতে ডুবে নিখোঁজের একদিন পর বিমলচন্দ্র (২৮) নামের এক মৎস্যজীবী যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে আত্রাই উপজেলার বাউলাপাড়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত বিমল চন্দ্র উপজেলার হামিদপুর হালদারপাড়া গ্রামের ভুলুনাথ হালদারের ছেলে।
 
জানা গেছে, রবিবার বিকেলে বিমল চন্দ্র আত্রাই নদীর নন্দনালী নামক স্থানে নৌকায় চড়ে খেয়া জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় পানির মধ্যে জাল আটকে গেলে বিমল পানিতে নেমে জাল খুলতে গিয়ে আর উঠে আসেনি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার ভোরে আত্রাই নদীর বাউলাপাড়া নামক স্থানে তার মৃতদেহ ভেসে উঠে।
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহটি পরিবারের লোকজন নিয়ে গেছে।