খুলনায় পাট আত্মসাতের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় ছয় কোটি ৫৮ লাখ টাকা মূল্যের পাট আত্মসাতের অভিযোগে দুই পাট ব্যবসায়ী ও সোনালী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
সোমবার বিকালে দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন এ মামলা করেন।
 
মামলার আসামিরা হলেন, মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের চেয়ারম্যান মো. শফিউল হক, ব্যবস্থাপনা পরিচালক রবিউল হক, গোডাউন কিপার সোহেল হোসেন জোয়ার্দার ও সোনালী ব্যাংক দৌলতপুর শাখার অফিসার এস এম ইমদাদুল হক। নগরীর দৌলতপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির এ তথ্য জানান। 
 
মামলার বিবরণে জানা গেছে, গোডাউনে পাটের মজুদ দেখিয়ে ব্যবসায়ীরা সোনালী ব্যাংকের দৌলতপুর কর্পোরেট শাখা থেকে সাড়ে ছয় কোটি টাকা ঋণ নেন। পরে গোডাউনে এ মূল্যের পাটের অস্তিত্ব পাওয়া যায়নি। এ জন্য তাদের চারজনের বিরুদ্ধে ছয় কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকার পাট আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।